Advertise top
বিদেশ

লিবারম্যানের সঙ্গে জোটে আইজেনকট

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম    

লিবারম্যানের সঙ্গে জোটে আইজেনকট
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। সংগৃহীত

নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দখলদার ইসরাইলে প্রথম জোট চুক্তি করলেন আইজেনকট। অন্য পক্ষ আভিগদর লিবারম্যান।

 

ইয়াশার পার্টি জানায়, মঙ্গলবার, ২৪ নভেম্বর দলটির নেতা গাদি আইজেনকট ও ইসরাইল আওয়ার হোম পার্টির প্রধান আভিগদর লিবারম্যানের বৈঠকের পর চুক্তি চূড়ান্ত হয়। নির্বাচনের পর এটিই প্রথম জোট চুক্তি।

 

দখলদার ইসরাইলের ২৭ অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান। সংসদের শপথ অনুষ্ঠান হয় ১০ নভেম্বর, তবে সরকার গঠিত হয়নি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। নেতানিয়াহু এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।

 

১২০ আসনের সংসদে নেতানিয়াহুর লিকুদ ও তার জোটসঙ্গীদের হাতে আছে ৫৩ আসন। আইজেনকটের ইয়াশার পেয়েছে ২১টি আসন। লিবারম্যানের দলের আসন সাতটি। আইজেনকটের শিবিরের মোট আসন ৪৮। আরব দলগুলোর ১৯ আসন রয়েছে, যারা নেতানিয়াহুর কট্টর বিরোধী।

 

চুক্তিটি অনেকটাই অপ্রত্যাশিত। লিবারম্যান আগে আরব দলের সমর্থনে সরকার গড়ার বিরোধিতা করেছেন। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকারেরও বিপক্ষে ছিলেন তিনি। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তার প্রধান লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।

 

আইজেনকট ২৮ দিনের মেয়াদে ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সুযোগ পাচ্ছেন। চাইলে ১৪ দিনের বাড়তি সময় নিতে পারবেন। ব্যর্থ হলে সুযোগ পাবেন নেতানিয়াহু। কেউ না পারলে আগামী বছর আবার নির্বাচন হবে।

 

লিকুদের সঙ্গে ঐক্যের সরকার নিয়েও আইজেনকটের আলোচনা চলছে। এর প্রতিবাদে ডেমোক্র্যাটস পার্টি তার সঙ্গে আলোচনা স্থগিত করেছে। দলটির আসন আট। নেতা ইয়াইর গোলান নেতানিয়াহুবিহীন, কিন্তু আরব দলসহ সরকার চান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal