Advertise top
আদালত-অপরাধ

লাচ্ছিতে বিষ; পাঁচ বছর পর গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম    

লাচ্ছিতে বিষ; পাঁচ বছর পর গ্রেপ্তার
সিআইডির হাতে গ্রেপ্তার মো. বাবু মিয়া ওরফে লাল বাবু। বরিশাল নিউজ ডটকম

বরিশালে দুই শিশুকে বিষ মিশ্রিত লাচ্ছি খাইয়ে হত্যাচেষ্টার মামলায় একজন আসামি গ্রেপ্তার হয়েছেন। পাঁচ বছর পর তাকে ধরেছে সিআইডি।

 

সিআইডি জানায়, বুধবার, ২৫ নভেম্বর সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মো. বাবু মিয়া ওরফে লাল বাবুকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালী থানার গিলাতলী এলাকার বাসিন্দা। মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

 

সিআইডির ভাষ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ আছে, ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে আসামিরা তার দুই সন্তানকে বাড়ির বাইরে ডেকে নেন।

 

অভিযোগে বলা হয়েছে, লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

 

শিশু দুটির মা বাদী হয়ে ২০২১ সালের ১৩ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৩৬ এবং জিআর নম্বর ৭৫০/২০২১। দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

পরে মামলার তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু মিয়াকে ধরা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। সিআইডি জানায়, মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal