বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন বলছে, এ জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।
বিদ্যালয়ে বুধবার, ২৫ নভেম্বর গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এই পরীক্ষা ১৮ নভেম্বর শুরু হয়েছে। এটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর একই বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা হবে।
মাঠের চারপাশে টিনের বেড়া দিয়ে অবকাঠামো তৈরি হচ্ছে। চলছে স্টল নির্মাণের কাজও। বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। মাঠে খেলাধুলাও বন্ধ।
ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, মাঠে মেলা হওয়ায় সে খেলতে পারছে না। আগের একটি মেলার পর তার ভাইয়ের পায়ে পেরেক ফুটেছিল বলেও জানায় সে। তাই মাঠে মেলা বন্ধের দাবি তার।
প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান বলেন, মেলা নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তার মতামত চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, বার্ষিক পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা আছে। মেলা হলে শব্দদূষণ ও ময়লা-আবর্জনায় পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। এ কারণে মাঠে মেলার পক্ষে নন তিনি।
মেলার আয়োজকদের পক্ষে কাজ করা হান্নান জানান, গত ১০ থেকে ১২ দিন ধরে প্রস্তুতি চলছে। মাঠে প্রায় ৭০টি স্টল তৈরির পরিকল্পনা আছে। উদ্বোধন হতে পারে ১০ ডিসেম্বরের দিকে।
জানা গেছে, ‘মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স’ মেলার আয়োজন করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান দাবি করেন, ১৬ ডিসেম্বরের পর মেলা করার বিষয়ে প্রশাসনের সম্মতি মিলেছে। জেলা প্রশাসন বলছে, তারা কোনো অনুমোদন দেয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি শিক্ষার্থীদের একমাত্র খেলার জায়গা। চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ সেখানে হাঁটতে আসেন। মাঠের পাশে শিশুদের খেলার সরঞ্জাম, শহীদ মিনার ও সুইমিং পুলও আছে।
স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনসংক্রান্ত ২০২৪ সালের নীতিমালার ৫ নম্বর পরিপত্রের (চ) ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলা নিষিদ্ধ।
ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, মেলার জন্য চেম্বারের অনুমোদন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি লাগে। এ বিষয়ে কেউ তার কাছে আবেদন করেননি।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার জানান, জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী পুলিশ প্রতিবেদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, স্কুলমাঠে মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের সেখানে মেলা না করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন