Advertise top
বিদেশ

আইসিজের রায়ের পর মিয়ানমারে ব্রিটিশ নিষেধাজ্ঞা

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম    

আইসিজের রায়ের পর মিয়ানমারে ব্রিটিশ নিষেধাজ্ঞা
কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির। সংগৃহীত

জেনোসাইডের দায়ে আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

 

নিষেধাজ্ঞার আওতায় এসেছেন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তা। তারা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ। রায়ের পর এটি মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম শাস্তিমূলক পদক্ষেপ। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের অবস্থানের পাশে দাঁড়িয়েছে।

 

আইসিজে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর রায়ে জানায়, উপস্থাপিত প্রমাণে জেনোসাইডের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্ত টানার সুযোগ নেই। বিচারক প্যানেল নয়-ছয় ভোটে এ রায় দেয়। রাখাইন রাজ্যে সেনা অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল বলেও আদালত জানায়। মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

সামরিক দমন-পীড়নের মুখে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশ তাদের সহায়তা দিয়ে যাচ্ছে।

 

মিলিব্যান্ড মিয়ানমারকে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অপরাধীদের বিচারের আহ্বান জানান। তিনি বলেন, দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালে সেনাপ্রধান ছিলেন। বহু নৃশংসতার জন্য তিনি "সরাসরি দায়ী" বলে মন্তব্য করেন মিলিব্যান্ড। যুক্তরাজ্য ২০২১ সালেই মিন অং হ্লাইংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

 

রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড সোমবার, ২৩ নভেম্বর জানান, বিষয়টি নিরাপত্তা পরিষদে তুলবে যুক্তরাজ্য। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে আলাদা বৈঠকও হবে। মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইনের কথাও নিশ্চিত করেছেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal