Advertise top
ক্রিকেট

সেঞ্চুরিয়ন টেস্ট; ব্যাটিং ধসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম    

সেঞ্চুরিয়ন টেস্ট; ব্যাটিং ধসের মাশুল দিচ্ছে বাংলাদেশ
হামজাকে ফিরিয়ে উদযাপন করছে বাংলাদেশ দল। ক্রিকইনফো

প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৪০ ওভার শেষে ১০৭ রানে এগিয়ে।

 

প্রথম দিনেই ৩৩.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ। সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা এক উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করে। তখন বাংলাদেশের চেয়ে তিন রানে পিছিয়ে ছিল তারা।

 

আগের দিন দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। রিভিউ নিলে শূন্য রানে ফিরতেন মার্কেস অ্যাকারম্যান। হৃদয় ক্যাচ ধরতে পারলে দুই রানে আউট হতেন জুবেইর হামজা।

 

শরিফুল ইসলামের বলে ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ দিয়ে চার পান অ্যাকারম্যান। এতে ৬১ বলে তার পঞ্চাশ পূর্ণ হয়। ১৯ ওভারে এক উইকেটে ৯৫ রানে পৌঁছে লিড নেয় স্বাগতিকেরা।

 

তাসকিন আহমেদের বলে কাভার দিয়ে হামজার বাউন্ডারিতে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান তিন অঙ্কে পৌঁছায়। দুই ব্যাটারের জুটিও তখন পঞ্চাশ ছাড়ায়।

 

এরপর সৈয়দ খালেদ আহমেদ ফেরান হামজাকে। স্টাম্পে আসা বলে ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তিনি। ক্যাচ নেন মাহফিজুল ইসলাম। হামজা করেন ৬১ বলে ২৭ রান। ভাঙে ১২৯ বলের ৯৬ রানের জুটি।

 

দক্ষিণ আফ্রিকার রান তখন ৩১ ওভারে দুই উইকেটে ১৪৫। ক্রিজে অ্যাকারম্যানের সঙ্গী টনি ডি জর্জি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal