বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ছাঁটাইয়ের পর মানব মডারেটরের জায়গায় এআই বসাচ্ছে মেটা। কর্মীদের আশঙ্কা, এতে ভুল বাড়ছে এবং বিশাল পরিসরে ঘটছে।
মেটা এ বছর মার্চে আরও উন্নত এআই দিয়ে কনটেন্ট মডারেশনের ঘোষণা দেয়। গার্ডিয়ানকে কয়েকজন কর্মী জানান, একই সময়ে বড় ছাঁটাই হয়েছে। এতে কনটেন্ট পর্যালোচনার দলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একজন কর্মীর ভাষ্য, দলগুলো এখন “স্কেলিটন টিম”, কোনোটি অর্ধেক বা দুই-তৃতীয়াংশ ছোট হয়েছে।
তারা বলেন, এআই সূক্ষ্ম বিষয় বোঝে না, বিশেষ করে ইংরেজি ছাড়া অন্য ভাষায়। ফলে অনেক সময় অপসারণের অযোগ্য কনটেন্ট সরে যায়। একজন কর্মী বলেন, সূক্ষ্ম সিদ্ধান্তে মানব পর্যালোচক অপরিহার্য। যন্ত্র দ্রুত কাজ করে বলে ভুলও ছড়ায় বড় পরিসরে। কোনো পোস্ট সরে গেলে প্রতিকার পাওয়া এখন আগের চেয়ে কঠিন।
ডিজিটাল সেন্সরশিপ পর্যবেক্ষক সংস্থা রিপ্রো আনসেন্সরড ২০২৫ সালে মেটায় অ্যাকাউন্ট বন্ধের ২১০টি ঘটনা নথিভুক্ত করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই এ সংখ্যা ৬৫৭-তে পৌঁছেছে। সংস্থার প্রতিষ্ঠাতা মার্থা ডিমিত্রাতু বলেন, এ ধরনের ঘটনা বিভিন্ন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে।
কর্মীদের দাবি, ২০২৩ সালের শেষ দিকে অ্যালগরিদমে পরিবর্তন এনে ফিলিস্তিনিদের পোস্ট ব্যাপকভাবে সীমিত করা হয়। মেটা পক্ষপাতের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। মুখপাত্র বলেন, পরীক্ষায় নতুন এআই ব্যবস্থা মানুষের চেয়ে গড়ে ১৩ শতাংশ কম ভুল করেছে এবং ১০ শতাংশ বেশি লঙ্ঘন ধরেছে। আপিলের সুযোগও আছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন