বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

বুধ কীভাবে গঠিত হলো, তা জানতে গ্রহটির কক্ষপথে পৌঁছেছে ইউরোপ-জাপানের বেপিকলম্বো।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, যানটির ইউরোপীয় মডিউল শনিবার, ২১ নভেম্বর সফলভাবে বুধের কক্ষপথে ঢুকেছে। আট বছরের যাত্রা শেষে এটি পৌঁছাল। নাসার মেসেঞ্জারের পর এটিই দ্বিতীয় যান, যা বুধের কক্ষপথে ঢুকল।
অভিযানের খরচ প্রায় ১৬০ কোটি ইউরো। বিজ্ঞানীরা জানতে চান, সূর্যের এত কাছে বুধ কীভাবে গঠিত হলো। তারা আরও খুঁজবেন, গ্রহটির চৌম্বকক্ষেত্র কেন আছে এবং স্থায়ী ছায়ায় ঢাকা গর্তের বরফ কী দিয়ে তৈরি। আয়তনে চাঁদের চেয়ে ৫০ শতাংশ বড় হলেও বুধের ভর চাঁদের চার গুণ। এই ঘনত্বের কারণও খতিয়ে দেখা হবে।
যানটি ডিসেম্বরের শুরুতে ইউরোপীয় ও জাপানি দুই অরবিটারে ভাগ হবে। ইউরোপীয় অরবিটার গ্রহের পৃষ্ঠ মানচিত্রায়ন ও অভ্যন্তরভাগ নিয়ে গবেষণা করবে। জাপানি অরবিটার চৌম্বকক্ষেত্র ও সোডিয়াম এক্সোস্ফিয়ার মাপবে। বিজ্ঞানভিত্তিক কার্যক্রম আগামী বছরের এপ্রিলে শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের অধ্যাপক এমা বান্স জানান, এক্স-রে ইমেজিং যন্ত্র এমআইএক্সএস আন্তঃগ্রহ অভিযানে পাঠানো প্রথম যন্ত্র। বুধে দিনে তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। রাতে তা নামে মাইনাস ১৮০ ডিগ্রিতে। প্রায় তিন বছর প্রদক্ষিণের পর জ্বালানি ফুরালে যান দুটি গ্রহের পৃষ্ঠে আছড়ে পড়বে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন