বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

কয়লার বদলে লাকড়ি ব্যবহার ও কাগজপত্র না থাকায় উজিরপুরে দুটি ইটভাটা ভাঙা হয়েছে। অভিযানে বাধা দেওয়ায় একজনকে আটক করা হয়েছে।
অধিদপ্তরের দল রবিবার, ৮ নভেম্বর দুপুরে উজিরপুরের শিকারপুর ইউনিয়নে অভিযান চালায়। এক্সকেভেটর দিয়ে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। সঙ্গে ছিলেন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। বরিশাল জেলা পুলিশের একটি বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল সহায়তা করে।
সাদিয়া আক্তার জানান, এটি নিয়মিত কার্যক্রমের অংশ। কয়লার বদলে লাকড়ি ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকাই ভাটা দুটি ভাঙার কারণ।
অভিযান চলার সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন