Advertise top
রাজনীতি

বরিশাল নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম    

বরিশাল নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকায় মিছিল। বরিশাল নিউজ ডটকম

নিষিদ্ধঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে ঝটিকা মিছিল হয়েছে। পুলিশ কাউকে আটক করেনি, তবে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলটি বের করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। নগরীর পুলিশ লাইন রোড এলাকা থেকে রবিবার, ৮ নভেম্বর দুপুরে মিছিলটি বের হয়। নেতৃত্ব দেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

 

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছবি দেখা যায়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবিও ছিল।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা মাঠে আছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal