বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

শ্রমিক মৃত্যুর গুজব ও মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ হয়েছে। পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।
পুলিশ ও শ্রমিকদের বরাতে জানা যায়, কোনাবাড়ীতে মঙ্গলবার, ২৪ নভেম্বর সকালে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে না গিয়ে কারখানার আশপাশে জড়ো হন। তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। পরে লাঠিসোঁটা হাতে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে সকাল পৌনে ১০টার দিকে কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ভোগড়া ও নাওজোরেও একইভাবে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।” তিনি আরও জানান, ৭০টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও মজুরি বাড়ানোর দাবিতে অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, মাস্টারবাড়ি, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ শুরু হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন