Advertise top
বাংলাদেশ

বন্দী হয়েই ফিরতে হবে হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম    

বন্দী হয়েই ফিরতে হবে হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দী হিসেবেই আসতে হবে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বিমানে ফেরার দাবিও নাকচ করেছে সরকার।

 

প্রতিমন্ত্রী মঙ্গলবার, ২৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তার ভাষ্য, হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

 

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী একই দিনে রয়টার্সকে জানান, বিজয় দিবসে ফেরার জন্য সরকারকে বিমান বাংলাদেশের ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। মুখপাত্রের যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনাকে বাংলাদেশের বিমানেই ভারতে নেওয়া হয়েছিল।

 

হুমায়ূন কবির রয়টার্সকে বলেন, ভারতের মাধ্যমে প্রত্যর্পণ ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই। বিমান পাঠানোর অনুরোধ বিবেচনারও প্রশ্ন ওঠে না বলে জানান তিনি। ট্রাইব্যুনাল গত বছর অনুপস্থিতিতে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান ও জাতিসংঘসহ একাধিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সেখানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে সরকারের অবস্থান তুলে ধরা হয়। সূত্রের ভাষ্য, ব্রিফিংয়ে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সহিংসতা চালাচ্ছেন।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিলে জানিয়েছিল, তারা প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে। এবার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া মেলেনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal