Advertise top
শিক্ষা

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে বহিস্কার!  

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম    

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল করে বহিস্কার!  
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অনিয়মের বিরুদ্ধে সবাদ সম্মেলন। ছবি - বরিশাল নিউজ ডট কম।

বরিশালে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে পরীক্ষার আগে শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ফরম পূরনে বাধা, ছাত্রত্ব বাতিল ও বহিস্কারের ঘটনা ঘটেছে। অন্তু বিম্বাস  ওই প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

ভুক্তভোগী শিক্ষার্থী শনিবার,১৪ নভেম্বর দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন,বরিশালের সিঅ্যান্ডবি রোডে অবস্থিত আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব কোনো অবকাঠামো ও আলাদা প্রশাসনিক কাঠামো নেই। প্রতিষ্ঠানের মালিক মো. জহিরুল ইসলামের মালিকানাধীন একই ভবনে একই অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনিক জনবল ব্যবহার করে ডিডব্লিউএফ (DWF) নার্সিং কলেজ এবং আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট পরিচালনা করা হচ্ছে। এছাড়া মাদারীপুরের ডিডব্লিউএফ নার্সিং কলেজেও চরম অনিয়মের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে ।

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আন্দোলন করলে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও তৎকালীন অধ্যক্ষ বাসন্তী রানী দাবি মেনে নেয়ার পাশাপাশি কাউকে হয়রানি না করার লিখিত অঙ্গীকার করেন। কিন্তু পরবর্তী দুই বছরে অন্তত ৩০ বার প্রশাসনের সাথে বৈঠক করেও সমস্যার কোনো সমাধান হয়নি।

 

এরই ধারাবাহিকতায় চলতি বছরের (২০২৬) ২৩ এপ্রিল ‘ক্লিনিক্যাল প্র্যাকটিসের’ নামে প্রায় ২০০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়। কর্তৃপক্ষ দাবি করেছিল, এই অর্থ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। তবে শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের সাথে সরাসরি কথা বলে জানতে পারেন, সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের জন্য কোনো টাকা নেয়া হয় না।

 

এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (মিস কেস নম্বর ০২/২০২৬) দায়ের করা হয় এবং আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। পরবর্তীতে চাপে পড়ে গত ২৫ এপ্রিল ওই অর্থ টিউশন ফির সাথে সমন্বয় এবং ২৮ এপ্রিল শিক্ষার্থীদের হয়রানি না করার লিখিত আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

অন্তু বিশ্বাসের অভিযোগ, পূর্বের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং আদালতের মামলার সাক্ষী হওয়ায় কর্তৃপক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরে গত ৮ নভেম্বর তিনি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাকে বাধা দেয়া হয় এবং ২ নভেম্বর স্বাক্ষরিত একটি নোটিশ হাতে ধরিয়ে দেয়া হয়। কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন বা কারণ দর্শানোর সুযোগ না দিয়েই ওই নোটিশে তার ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

 

সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিশেষ ব্যবস্থায় পরীক্ষার ফরম পূরণের সুযোগ নিশ্চিতকরণ, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

এ বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করে অন্তু বিশ্বাস হুঁশিয়ারি দেন, দ্রুত ন্যায়বিচার ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেলে তিনি আমরণ অনশনে যেতে বাধ্য হবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal