Advertise top
ভোলা

ভোলার পরানগঞ্জে সড়ক দখলে যানজট

শরীফ হোসাইন, বরিশাল নিউজ ডটকম, ভোলা 

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম    

ভোলার পরানগঞ্জে সড়ক দখলে যানজট
পরানগঞ্জ বাজারের সামনের সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও আটকে থাকা যানবাহন। বরিশাল নিউজ ডটকম

ভোলার পরানগঞ্জ বাজারে সড়কে দোকান বসানো ও অটোরিকশা পার্কিংয়ে যানজট লেগেই আছে। লঞ্চযাত্রীরা ৩০ মিনিট থেকে এক ঘণ্টা আটকে থাকছেন।

 

স্থানীয়দের অভিযোগ, মূল সড়কের একটি অংশ দখল করে দোকানপাট বসানো হয়েছে। সেখানে অটোরিকশাও দাঁড়িয়ে থাকে দুই থেকে তিন সারিতে। ফলে চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। লঞ্চের আগমন ও প্রস্থানের সময় চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হয়।

 

ব্যবসায়ী ইয়ামিন বরিশাল নিউজ ডটকমকে বলেন, সড়কের ওপর অবৈধ দোকানপাট বসানো হয়েছে। এর সঙ্গে অটোরিকশা সারি দিয়ে রাখা হচ্ছে। পথচারী রত্না আক্তার জানান, পার্শ্বসড়কের মুখেও অটোরিকশা পার্কিং ও দোকান রয়েছে। এতে বিকল্প পথে গাড়ি চলতে পারে না।

 

বাজারের সামনের সড়কের এক প্রান্তে ভেদুরিয়া ফেরিঘাট, অন্য প্রান্তে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট। ভেদুরিয়া হয়ে বরিশালসহ বিভিন্ন এলাকার মানুষ ভোলায় ঢোকেন। ইলিশা নৌপথে ঢাকা ও লক্ষ্মীপুরে যাতায়াত করেন জেলার বাসিন্দারা। ফেরিতে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের সঙ্গেও যোগাযোগ আছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিনের। তবু ট্রাফিক বিভাগের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। তাদের দাবি, দোকান সরানো, অটোরিকশার নির্ধারিত পার্কিং ও পার্শ্বসড়ক দখলমুক্ত করা জরুরি। নিয়মিত নজরদারিও দরকার বলে তারা মনে করেন।

 

ভোলা ট্রাফিক বিভাগের পরিদর্শক আজিজুল করিম বরিশাল নিউজ ডটকমকে বলেন, "জনবলের ঘাটতি রয়েছে। তারপরও পরানগঞ্জ বাজার নিয়ে আমাদের পরিকল্পনা আছে। শিগগিরই সেখানে ট্রাফিক সদস্য মোতায়েন করা হবে।"


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal