বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

ভোলার মনপুরায় বিদ্যুতের দাবিতে ওজোপাডিকোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
ডাকবাংলো মোড় এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে বৃহস্পতিবার, ২২ অক্টোবর বেলা ১২টায় এ কর্মসূচি পালিত হয়। হাজীরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন।
কর্মসূচি শেষে ব্যবসায়ীরা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, প্রতিদিন আট ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে ব্যবসা পরিচালনায় চরম ভোগান্তি হচ্ছে।
ব্যবসায়ীরা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান। দাবি না মানলে বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কথাও জানান তারা।
হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন জানান, দিনে বিদ্যুৎ থাকে না। রাতে কেবল এক ঘণ্টার জন্য বিদ্যুৎ আসে। এতে প্রতিনিয়ত লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা।
দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ওজোপাডিকো মনপুরার পাওয়ার হাউজের জেনারেটর দিয়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ব্যবসায়ী ও গ্রাহকদের অভিযোগ, কয়েক মাস ধরে মেশিন নষ্ট থাকার কথা বলে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে।
আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম বলেন, "আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।" তিনি আরও জানান, আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা গেলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন