Advertise top
ধর্ম

লক্ষ্মীপূজা কাল; আমেজ বরিশালের বাজারে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম    

লক্ষ্মীপূজা কাল; আমেজ বরিশালের বাজারে
লক্ষ্মীপূজার সামগ্রীর বাজার করছেন এক ক্রেতা। বরিশাল নিউজ ডটকম

পূজার সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বরিশাল নগরীর অস্থায়ী বাজার, কারণ কোজাগরী লক্ষ্মীপূজা আগামীকাল।

 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কোজাগরী লক্ষ্মীপূজা রবিবার, ২৫ অক্টোবর পালিত হবে। পূর্ণিমা তিথি ওই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে শুরু হয়ে সোমবার, ২৬ অক্টোবর সকাল নয়টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমায় এ পূজা হয়।

 

‘কোজাগরী’ শব্দের অর্থ ‘কে জাগরী’। বিশ্বাস অনুযায়ী এ রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে যান। তাই ভক্তরা রাত জেগে পূজা করেন। অনেক নারী উপবাস থাকেন। আঙিনায় আঁকা হয় চালের গুঁড়োর আলপনা ও লক্ষ্মীর পায়ের ছাপ।

 

নগরীর স্বরোড সড়কের মমতাজ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শনিবার, ২৪ অক্টোবর সরেজমিন দেখা যায়, সড়কের পাশে বসেছে অস্থায়ী বাজার। কলাগাছের ড্যাম, কলার খোল, ধান, দুর্বা, বেলপাতা ও পদ্মফুল কিনতে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা গোপাল সরকার বলেন, ‘পূজার উপকরণ তুলনামূলক কম দামে কিনলাম।’

 

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে ১৪ জন ব্যবসায়ী এসেছেন। তাদের মধ্যে আছেন দীপক বেপারী, সুশীল বেপারী, রবিন করাতী, সমীর মাল, নিমাই শিকদার ও আশিক গাইন। ব্যবসায়ী ঝন্টু বেপারী জানান, প্রতি বছর লক্ষ্মীপূজার সময় তারা একদিনের জন্য নগরীতে আসেন। আশিক গাইন পাঁচ বছর ধরে এ ব্যবসায় আছেন।

 

বিক্রেতারা জানান, ধান, অশোক, মানকচু, হলুদ ও আফান একসঙ্গে ২০ টাকায় মিলছে। বেলপাতা ১৫ টাকা, কলাগাছের ড্যাম ২০০ টাকা, সুপারি ৩৫ টাকা। কলার খোল, নলথুরি ফুল ও পদ্মফুল প্রতিটি ২০ টাকা। কলাপাতা, কেওড়া ফুল, আমপাতা, দূর্বা ও তুলসীপাতা প্রতিটি ১০ টাকা।

 

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উদ্দীপনা বেড়েছে। উপকরণের চাহিদা বাড়ায় নগরীর বাজারে কেনাবেচাও বেড়েছে বলে জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal