বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়তে কুয়াকাটায় লাইফগার্ড, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা চেয়েছেন পর্যটনমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল খান প্যালেসে শুক্রবার, ২৩ অক্টোবর মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কুয়াকাটা বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর একটি। যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন করা হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।’ একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, এটিকে তিনি কুয়াকাটার বড় আকর্ষণ হিসেবে উল্লেখ করেন।
তিনি পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যোগাযোগ ও মানসম্মত আবাসনকে অগ্রাধিকার দিতে বলেন। সৈকত এলাকায় আধুনিক গণশৌচাগার, নিরাপদ খাবার পানি, বসার জায়গা, তথ্যকেন্দ্র, গাড়ি রাখার ব্যবস্থা ও জরুরি চিকিৎসাসেবা চালুর আহ্বান জানান তিনি। প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, উদ্ধার কার্যক্রম জোরদার ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপরও জোর দেন।
মন্ত্রী জানান, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ দরকার। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের যুক্ত করা গেলে নতুন কর্মসংস্থান হবে বলে তিনি উল্লেখ করেন। বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়লে সরকারের রাজস্বও বাড়তে পারে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন ও সংরক্ষিত নারী আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম ও পুলিশ সুপার মো. আবু ইউসুফও উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে আরও ছিলেন জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন