Advertise top
বিদেশ

জাল নথিতে কানাডার ভিসা; আসামি ৫ বাংলাদেশি

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম    

জাল নথিতে কানাডার ভিসা; আসামি ৫ বাংলাদেশি
কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির কয়েকজন সদস্য। সংগৃহীত

জাল নথি ও ভুয়া আতিথ্যদাতা দেখিয়ে ভিসা নেওয়ার চেষ্টায় কানাডায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে।

 

কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) বৃহস্পতিবার, ২২ অক্টোবর মামলার তথ্য জানায়। সংস্থার অভিযোগ, কুইবেক ও অন্টারিও প্রদেশে ২০৯ বাংলাদেশির ২৪৩টি অস্থায়ী ভিসা আবেদনে প্রতারণা হয়েছে।

 

সিবিএসএর ভাষ্য, আবেদনকারীদের আতিথ্যদাতা হিসেবে কানাডার নাগরিকদের ভুল পরিচয় দেওয়া হয়েছিল। সঙ্গে মিথ্যা তথ্য ও জাল নথিও ব্যবহার করা হয় বলে তাদের অভিযোগ।

 

অভিযুক্তদের মধ্যে রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম ওই দিনই কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে আছেন বলে সংস্থাটি জানিয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

 

অভিযোগের ব্যাপকতার কারণে তদন্তকারীরা ২৪৩টির মধ্যে ৭৯টি আবেদন আনুষ্ঠানিক প্রমাণের জন্য বেছে নেন। সংস্থার ভাষ্য, এসব আবেদনেই প্রমাণ সবচেয়ে জোরালো।

 

মার্সিয়ে শহরের একটি বাসায় ২০২৪ সালের ৩ জুলাই নিয়মিত তদারকিতে গিয়ে সিবিএসএ কর্মকর্তারা অভিবাসন আইন লঙ্ঘনের সম্ভাব্য প্রমাণ পান। ওই বছরের আগস্টে ফৌজদারি তদন্ত শুরু হয়। তদন্তকারীরা কুইবেক ও অন্টারিওতে ২০২৫ সালের ৩ জুন চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেন। জব্দ নথি ও কম্পিউটার সরঞ্জামে পাঁচ অভিযুক্তের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে সংস্থাটি জানায়।

 

অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের ব্যবস্থা করতে ষড়যন্ত্র, মিথ্যা তথ্য দেওয়ার পরামর্শ এবং অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

 

সংস্থাটি গত বছর এমন সন্দেহে ১৯১টি ফৌজদারি তদন্ত শুরু করে। চলতি বছরের প্রথম ছয় মাসে যোগ হয়েছে আরও ৫৫টি। সন্দেহজনক ঘটনার তথ্য জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal