বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা নিয়ে বিশ্বের নানা দেশে বিক্ষোভ চলছে। এবার জার্মানির ২১ শহরে বিক্ষোভের ডাক দিয়েছেন তরুণেরা।
জার্মানিতে ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি তরুণ সংগঠন ৩১ অক্টোবর বিক্ষোভের ডাক দিয়েছে। শিক্ষা খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ব্যয়, সামাজিক বৈষম্য ও বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরুদ্ধে এই কর্মসূচি। আয়োজকেরা আশা করছেন, হাজারো মানুষ অংশ নেবেন। তারা সহিংসতার বিরোধিতা করেছেন। পুলিশের আশঙ্কা, উগ্রপন্থী গোষ্ঠী পরিস্থিতিকে সংঘাতের দিকে নিতে পারে।
ফ্রান্স
ফ্রান্সের আন্দোলনের সূত্রপাত ১৭ সেপ্টেম্বর, প্যারিসের দক্ষিণ-পূর্বের ক্রেতেই শহরের একটি উচ্চবিদ্যালয়ে। শিক্ষকসংকট ও জরাজীর্ণ ভবনের প্রতিবাদে শিক্ষকেরা আন্দোলন শুরু করেন। পরে শিক্ষার্থীরা যোগ দেন। ধীরে ধীরে জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ দেশজুড়ে ছড়ায়।
কর্তৃপক্ষের হিসাবে, গত সপ্তাহান্ত থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে ১৭৪ জনকে। লিমোজের ঐতিহাসিক টাউন হলে আগুন দেওয়া হয়। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিক্ষোভ নিষিদ্ধ। শনিবার, ২৪ অক্টোবর লিওঁসহ কয়েকটি শহরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
অন্য দেশে যা হচ্ছে
সার্বিয়া: রবিবার, ২৫ অক্টোবর আগাম পার্লামেন্ট নির্বাচন। বেলগ্রেডে শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে লাখো মানুষ সমাবেশ করেছেন। জনমত জরিপে শিক্ষার্থী-সমর্থিত ‘স্টুডেন্টস লিস্ট’ ও আলেকসান্দার ভুসিচের দল প্রায় সমান অবস্থানে। ভুসিচ ২৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট পদ ছাড়েন। এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে লড়ছেন।
ভেনেজুয়েলা: কারাকাসে প্রায় দুই হাজার মানুষ প্রেসিডেন্ট নির্বাচন ও নির্বাসিত বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদোর দেশে ফেরার দাবিতে সমবেত হন। এএফপির প্রতিবেদন অনুযায়ী, সমাবেশ শান্তিপূর্ণ ছিল।
তিউনিসিয়া: পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর উপকণ্ঠে বিক্ষোভ হয়। পরিবারের অভিযোগ নির্যাতনে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্য, মাদক গিলে ফেলার পর তিনি মারা যান। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
কলম্বিয়া: বিক্ষোভের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন