Advertise top
খেলা

ম্যাকাই টেস্ট; স্টার্ক ঝড়ে ১২ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ০৭:০৫ এএম       

ম্যাকাই টেস্ট; স্টার্ক ঝড়ে ১২ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ছবি: পিটিভি ভিডিও

মিচেল স্টার্কের বোলিং তোপে ম্যাকাই টেস্টে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র সাত ওভারের মধ্যে ১২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। এর মধ্যে একাই পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন স্টার্ক।  চার বাংলাদেশি ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন।

 

টস জিতে প্রথমে বোলিং নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই তোপ দাগেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

 

যেভাবে ভাঙল টপ অর্ডার

প্রথম বলেই বোল্ড হন ওপেনার সাদমান ইসলাম। এরপর একে একে সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক । স্লিপে ধরা পড়া লিটন দাস প্রথম দফায় জীবন পেলেও পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি, অস্ট্রেলিয়ার রিভিউয়ে যা নিশ্চিত হয়। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও তা ঠেকিয়ে দেন মুশফিকুর রহিম।

 

ধবলধোলাইয়ের হাতছানি

ডারউইনে নয় উইকেটে জয়ের পর সিরিজে এক-শূন্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। এই টেস্ট না হারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে তারা। জিতলে ঘরের মাঠে ১৩৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ধবলধোলাই হবে অস্ট্রেলিয়া—সবশেষ এমন লজ্জা তারা পেয়েছিল ১৮৮৭ সালে, ইংল্যান্ডের কাছে।

 

একাদশে যে পরিবর্তন

ডারউইন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে আগের ম্যাচে না খেলা শরীফুল ইসলাম ফিরেছেন একাদশে, বাদ পড়েছেন ইবাদত হোসেন। অস্ট্রেলিয়াও একটি পরিবর্তন এনেছে—ম্যাট রেনশ যুক্ত হয়েছেন ওপেনার হিসেবে, বাদ পড়েছেন জেক ওয়েদারাল্ড।

 

ম্যাচ ঘিরে বাড়তি আকর্ষণ

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এটাই প্রথম কোনো টেস্ট ম্যাচ, অস্ট্রেলিয়ার দ্বাদশ ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে মাঠটির। প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশকে নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ায় এই ম্যাচের প্রথম দিনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল।

 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, লিটন দাস ও শরিফুল ইসলাম।

 

অস্ট্রেলিয়া একাদশ : ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal