বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

বাংলাদেশের বিমানে ভারতে গিয়েছিলেন বলে ফিরতেও সেই বিমান চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখপাত্রের ভাষ্য, ১৬ ডিসেম্বর তিনি ফিরতে চান।
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ৭৯ বছর বয়সী হাসিনা এই প্রথম ফেরার নির্দিষ্ট দিন জানালেন। মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার, ২৪ নভেম্বর রয়টার্সকে বিষয়টি জানান।
বিবৃতিতে তিনি বলেন, "শেখ হাসিনাকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে ভারতে নেওয়া হয়েছিল। সংবিধান লঙ্ঘন করে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তার ফেরা সম্ভব করা এখন সরকারের দায়িত্ব।"
সরকার এ দাবি নাকচ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই। তার ভাষ্য, "প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে, হাতকড়া পরিয়ে এবং কড়া নজরদারিতেই" তিনি দেশে ফিরতে পারেন। বিমান পাঠানোর অনুরোধ বিবেচনারও প্রশ্ন ওঠে না বলে জানান প্রতিমন্ত্রী।
ট্রাইব্যুনাল গত বছর অনুপস্থিতিতে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় হয়। হাসিনা অভিযোগ অস্বীকার করে আসছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামের মতে, দণ্ডিত ব্যক্তির পক্ষে সরকারের কাছে বিমান চাওয়া অযৌক্তিক।
একজন মন্ত্রী রয়টার্সকে রবিবার, ২২ নভেম্বর জানান, ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে কোনো আলোচনাও হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। মন্ত্রণালয় এপ্রিলে জানিয়েছিল, প্রত্যর্পণের অনুরোধ তারা খতিয়ে দেখছে। হাসিনা এ মাসে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথি চাওয়ার পর সহিংসতা বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তার দল নিষিদ্ধ। জাতিসংঘ জানিয়েছে, ২০২৪ সালের ওই অস্থিরতায় সর্বোচ্চ ১,৪০০ মানুষ নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন