Advertise top
বিদেশ

অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে বহিষ্কারের নিষেধাজ্ঞা; সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম    

অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে বহিষ্কারের নিষেধাজ্ঞা; সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
আমেরিকায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার। ছবি: অনলাইন

অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত সপ্তাহে এক ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের ‘তৃতীয় দেশে বহিষ্কার’ নীতির ওপর নিম্ন আদালতের আরোপ করা বিধিনিষেধ বহাল রাখে। এই নীতির আওতায় কোনো অভিবাসীকে তার নিজ দেশের পরিবর্তে অন্য দেশে পাঠানো হয়।

 

আপিল আদালতের বিচারকরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করার সময় নিম্ন আদালতের আদেশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে বুধবার রাতে আপিল আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয়। এর ফলে নিম্ন আদালতের দেওয়া বিধিনিষেধ আবার কার্যকর হয়।

 

এ পরিস্থিতিতে মার্কিন সরকার জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, যাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃতীয় দেশে বহিষ্কারের ওপর থাকা বিধিনিষেধ স্থগিত করা হয়।

 

সরকারের আইনজীবী জন সাওয়ার বলেছেন, এই বিধিনিষেধের কারণে অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ‘বড় ধরনের বাস্তব ও প্রশাসনিক জটিলতা’ তৈরি হয়েছে। তিনি তৃতীয় দেশে বহিষ্কারকে কিছু অভিবাসীকে—বিশেষ করে গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের—যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেন।

 

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হোয়াইট হাউসে ফিরে আসার পর তার প্রশাসন বহিষ্কার প্রক্রিয়া তরান্বিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

 

ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো, যেসব অভিবাসীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের নিজ দেশ অনেক সময় তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ কারণে তৃতীয় কোনো দেশে তাদের পাঠানোর ব্যবস্থা প্রয়োজন।

 

তবে মার্কিন কংগ্রেসের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তিকে এমন দেশে বহিষ্কার করা যাবে না যেখানে তার জীবন হুমকির মুখে পড়তে পারে অথবা তিনি নির্যাতনের শিকার হতে পারেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal