বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি) ২০২৬।
বাসস জানিয়েছে, আন্তর্জাতিক অ্যাপারেল ও টেক্সটাইল খাতের এ বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ১৩টি স্বনামধন্য তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।
বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার প্রথম সচিব (বাণিজ্যিক) সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরা।
বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশন অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের প্রচারমূলক ব্রশিওর ও তথ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার আমদানিকারক, ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এবং বহুমুখী রপ্তানি পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ১০০টিরও বেশি বুথে প্রায় ২৫০টি আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
এবারের ‘এটিএসসি ২০২৬’-এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য এবং টেকসই উপকরণের ব্যবহার।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান হলো—ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার লিমিটেড, গ্যাটসবি গ্রুপ , আন টেক্স বিডি লিমিটেড , নিট ফেয়ার লিমিটেড, ফিয়াট ফ্যাশন লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আশরাফ-উল সোয়েটার (প্রাইভেট) লিমিটেড, এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসআই কম্পোজিট লিমিটেড এবং আমানাহ অ্যাপারেলস।
এটিএসসি ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণ ও বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন