Advertise top
বিদেশ

হরমুজে মাইনে দুই ট্যাংকারে আগুন

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম    

হরমুজে মাইনে দুই ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালীতে চলাচলকারী একটি তেলবাহী ট্যাংকার। সংগৃহীত

অননুমোদিত রুটে চলাচলের সময় হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি ইরানের বিপ্লবী গার্ডের।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রবিবার, ৮ নভেম্বর বাহিনীটির বিবৃতি প্রকাশ করেছে বলে জানিয়েছে এএফপি। বিবৃতি অনুযায়ী, ট্যাংকারগুলোর একটি ছিল প্রণালীর পূর্ব অংশে, অন্যটি ভেতরে। বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ দুটি দাউদাউ করে জ্বলছে।’

 

বাহিনীর দাবি, ট্যাংকার দুটি একাধিক নিয়ম ভেঙেছে। এর মধ্যে নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার বিষয়ও রয়েছে। জাহাজ দুটির নাম বা পতাকা কোন দেশের, তা জানানো হয়নি।

 

ফেব্রুয়ারির শেষে ইরান যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীতে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে তেহরান। জাহাজগুলোকে ইরান-অনুমোদিত রুট ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ অবরোধ দিয়েছে এবং ট্যাংকারের চলাচলে সহায়তা করছে। বিশ্বের জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে যায়।

 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সম্প্রতি দাবি করেছে, জলপথ থেকে সব মাইন সরানো হয়েছে।

 

এদিকে ইরনা জানায়, শনিবার, ৭ নভেম্বর গভীর রাতে কেশম, সিরিক, জাস্ক ও বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। শব্দের উৎস নিশ্চিত নয়। তবে জাস্কে বিস্ফোরণ বা আঘাতের ঘটনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে জানায় সংস্থাটি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal