বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ১২:৪২ এএম

বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার, ২৫ আগস্ট সন্ধ্যার পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল শুরু হয়।
এর আগে দুপুরে বাসের শ্রমিককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
শ্রমিকেরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে তারা আগে থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছেন। একই দাবিতে এর আগেও বরিশালে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বরিশাল নিউজ ডটকমকে বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন