বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের চাহিদা অনুযায়ী ১১২ কর্মী নিতে বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসেল। কর্মীদের কোনো খরচ লাগবে না।
নিয়োগ হবে দুটি পদে: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স। দুই পদেই মাসিক মূল বেতন ৫২ হাজার টাকা। বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। চাই এক থেকে দুই বছরের অভিজ্ঞতা, ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেলসহ কম্পিউটার জ্ঞান। ওয়্যারহাউসে কাজের শারীরিক সক্ষমতাও লাগবে। ফর্কলিফট চালানোর অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে।
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীরা গুরুত্ব পাবেন। ওয়্যারহাউসের নেটওয়ার্ক, ক্যাবলিং ও আইটি সরঞ্জাম সম্পর্কে ধারণা থাকতে হবে।
চাকরির চুক্তি তিন বছরের, নবায়নযোগ্য নয়। দিনে আট ঘণ্টা ও সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে নিয়োগকর্তা।
আগ্রহীরা রবিবার, ৮ নভেম্বর বিকাল চারটার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন একটি পদেই আবেদন করতে পারবেন। প্রথমে লটারিতে ৩০০ জন বাছাই হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল জানিয়েছে, নির্বাচিতদের কোনো পর্যায়ে অর্থ দিতে হবে না। এ নিয়োগের নামে কারও সঙ্গে টাকা লেনদেন না করতে প্রার্থীদের সতর্ক করা হয়েছে। বিস্তারিত পাওয়া যাবে boesl.gov.bd ওয়েবসাইটে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন