Advertise top
বাংলাদেশ

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, মন্ত্রিসভায় নতুন ৬ মুখ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ আগষ্ট ২০২৬, ০৯:৫১ পিএম       

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, মন্ত্রিসভায় নতুন ৬ মুখ
শপথ নিচ্ছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে শুক্রবার, ২১ আগস্ট সন্ধ্যায়  আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। এর আগের দিন নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন মোট ছয়জন—চারজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী।

নতুন চার মন্ত্রী যারা

শপথ নেওয়া নতুন চার মন্ত্রী হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

নতুন দুই প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। 

মন্ত্রিসভার আকার বেড়ে যা দাঁড়াল

নতুন ছয়জনের শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে সাড়ে বারোশ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও আয়োজন মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত এই সরকারের মন্ত্রিসভায় নতুন এই সংযোজনের মধ্য দিয়ে প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারিত হলো।

তথ্যসূত্র: বাসস ও বিটিভি


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal