বরিশাল নিউজ
প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ০৫:৫৫ পিএম আপডেট : ১৭ আগষ্ট ২০২৬, ০৩:১৩ পিএম

বরিশাল নগরীতে একটি অত্যাধুনিক তথ্য কমপ্লেক্স নির্মান কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় মন্ত্রী বলেন, এই স্থাপনা কেবল সরকারি প্রচারণার জায়গা হবে না—বরং শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বিনোদন এবং তরুণদের দক্ষতা বাড়ানোর একটি সমন্বিত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
নগরীর কাশীপুর ইছাকাঠি এলাকায় রবিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। স্থাপত্য ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মানাধীন এই কমপ্লেক্সের ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরো কোটি ৬৪ লাখ টাকা।
গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, এই পরিকল্পনার আওতায় দেশের সাতটি বিভাগীয় শহরে সাততলা এবং ১৯টি জেলা শহরে পাঁচতলা করে মোট ২৬টি তথ্য কমপ্লেক্স নির্মিত হবে। এসব স্থাপনার মাধ্যমে সরকারি তথ্য প্রচার ও সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল সেবা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও জানান, একটি কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের, যার সঙ্গে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য কমপ্লেক্সগুলোর সংযোগ থাকবে। এর ফলে দেশের যেকোনো প্রান্তের মানুষ একই তথ্যভান্ডারে প্রবেশাধিকার পাবেন। পাশাপাশি বড় পরিসরের একটি ডেটা সেন্টার ও আধুনিক প্রযুক্তি গবেষণাগার স্থাপনেরও পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন