Advertise top
বরিশাল

মালিকের সম্পদ জব্দ করে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম    

মালিকের সম্পদ জব্দ করে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি
বকেয়া পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের সমাবেশ। ছবি: বরিশাল নিউজ

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছেন। সেখানে কর্মসূচি পালনকালে নেতৃবৃন্দ অলিম্পিক সিমেন্ট কারখানার ৪১৯জন শ্রমিকের নায্য পাওনা অতিদ্রুত বুঝিয়ে দিতে ব্যবস্থা নেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি প্রয়োজনে মালিকের সম্পদ জব্দ করে বকেয়া বেতনসহ পাওনাদি পরিশোধের দাবি জানান।

 

আজ সোমবার, ২৭ জুলাই তারা এই কর্মসূচি পালন করেন।  এরআগে সকাল ১০টায় তাদের একটি মিছিল অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 অবস্থান কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক লিটন। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা মনীষা চক্রবর্ত্তী, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার,সহসাধারণ সম্পাদক মো: শাকিল হাওলাদার, সহ সভাপতি হান্নান হাওলাদার, অলিম্পিক সিমেন্ট ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিকিউরিটি গার্ড প্রতিনিধি মোঃ ফারুক, অফিসারদের প্রতিনিধি আইটি অফিসার জিয়াউল হক জিয়া, ইলেক্ট্রিক ফোরম্যান শরিফুল ইসলাম।

 

 সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজি মোহাম্মদ বেল্লাল হোসেন, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড ফার্মাসিউটিক্যাল শ্রমিক ইউনিয়নের(প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত প্রমুখ।

 

এসময়ে নেতৃবৃন্দ বলেন, অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধ হবার পর আন্দোলনের আজ  ৪৭তম দিন। কারখানা কর্তৃপক্ষ কোনো পূর্বনোটিশ না দিয়ে গত ১১ জুন  আকস্মিক ভাবে অলিম্পিক ফাইবার ও ১৩ জুন অলিম্পিক সিমেন্ট কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। কারখানায় সক্রিয় সিবিএ নেতৃবৃন্দের সাথে কোন আলোচনা বা অবহিত না করা কিংবা কারখানা বন্ধের ঘোষণাপত্রে শ্রমিকের বকেয়া পাওনাদি পরিশোধ করার নির্দিষ্ট তারিখ বিষয়ে কোনো কিছু উল্লেখ না করায় শ্রমিকরা ১১ জুন থেকে আইনানুগ প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে এবং ৪৭ দিন যাবত শান্তিপূর্ণ ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু মালিকপক্ষ এই ৪৭ দিনে তিনদফা ত্রিপক্ষীয় বৈঠকের পরেও শুধুমাত্র বকেয়া বেতনের একাংশ পরিশোধ করেছে কিন্তু শ্রমিকদের ওভারটাইমসহ বিভিন্ন ভাতা, চার মাসের নোটিশ পে, সার্ভিস বেনিফিট, ছুটির পাওনাসহ সমুদয় হিসাব পরিশোধের বিষয়টি নিয়ে কোনকিছুই জানাচ্ছেন না।

 

সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিকরা অবস্থান কর্মসূচি চালান। অবস্থান শেষে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন ও জুলাই মাসের মধ্যে বকেয়া পাওনাদি পরিশোধ করার বিষয়ে উদ্যোগ নেয়ার আহবান জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal