বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:২৫ এএম

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১ দলীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। শনিবার, ১৮ জুলাই বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব) অলি আহমদ, বীর বিক্রম। বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহে ১৮ জুলাই দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণভোটের রায় নিয়ে সরকার ভুল পথে আছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এ পথ পরিহার করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই এ দাবি মেনে নিন, অন্যথা ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন।’
‘আবার গণ–অভ্যুত্থান’
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে আবারও গণ–অভ্যুত্থানের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এখনো হরতাল–অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে যা খুশি, তা–ই করবেন বা জনগণের সঙ্গে ছলনা করবেন।’

সমাবেশে আরো বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ), বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন