বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ভোলার সদর উপজেলার নতুন বাজার ও চকবাজারকে সংযুক্ত করে তৈরী ব্রিজ, যা স্থানীয়ভাবে ভোলার হাতিরঝিল ব্রিজ নামে পরিচিত ,সেটি হকারদের দখলে চলে গেছে।
ব্রিজের উপর ও দুই পাশের ফুটপাত জুড়ে বসেছে বিভিন্ন ধরনের দোকান। এতে প্রতিদিন চলাচলকারী পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
এটি ভোলা শহরের সদর রোড, চক বাজার, গুড় পট্টি এবং মাছ বাজারের সাথে নতুন বাজারকে যুক্ত করেছে। এটি ভোলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এবং প্রতিদিন প্রচুর মানুষ ও যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে।
সরেজমিনে গিয়ে কথা হয় কয়েকজন হকারের সঙ্গে। তারা জানান, জীবীকার তাগিদেই ফুটপাতের ওপর ব্যবসা করছেন তারা। ভোলা সদর উপজেলার ধনিয়া এলাকার রাকিব ও লিটন বলেন, আমাদের এখান থেকে উঠিয়ে দিলে আমরা করবো কী? খাবো কী? আমরা এই কাজই শিখেছি, এটা দিয়েই আয় রোজগার করি। আমাদের জন্য যদি একটি নির্ধারিত জায়গার ব্যবস্থা করা হয়, তাহলে আমরা এখানে আর বসব না।
যদিও অভিযোগ রয়েছে, এই ব্যবসা করতেও তাদের চাঁদা দিতে হয়। ইলিশা ইউনিয়নের মোহাম্মদ বলেন, আমরা যে রাস্তায় বসে মানুষের ভোগান্তি সৃষ্টি করছি, সেটি সত্য। কিন্তু ভোলায় আমাদের জন্য তেমন কোনো নির্ধারিত জায়গা নেই। আমাদেরও পরিবার আছে, পেট আছে। জীবীকার জন্যই এখানে বসা।
পথচারী শহীদ তালুকদার বলেন, একাধিকবার অভিযান চালিয়ে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঘণ্টাখানেক পরই আবার তারা দোকানপাট নিয়ে ফিরে এসেছেন। তিনি বলেন,ভোলা ছোট শহর। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত,এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মো. বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট সংকটের কারণে এত দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই ব্রীজ ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন