বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার জনকল্যাণে খরচের অঙ্গীকারের কারণে মার্ক জাকারবার্গের তিন মেয়ে তার সম্পদের সিংহভাগ পাবে না।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ এখন ২০০ বিলিয়ন ডলারের বেশি। তিনি এ অঙ্গীকার করেছেন ২০১৫ সালে। সিদ্ধান্ত ছিল, সম্পদের বড় অংশ সন্তানদের না দিয়ে জনকল্যাণে ব্যয় করা হবে।
জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির তিন মেয়ের নাম ম্যাক্সিমা, অগাস্ট ও অরেলিয়া। বড় মেয়ে ম্যাক্সিমার জন্মের পর ২০১৫ সালের ১ ডিসেম্বর তাকে উদ্দেশ করে খোলাচিঠি লেখেন তারা। চিঠিতে তারা জানান, মানুষের সম্ভাবনার বিকাশ ও সমতার জন্য সম্পদের বড় অংশ বিনিয়োগ করতে চান। তখন জাকারবার্গের সম্পদ ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার। ফরচুন ম্যাগাজিনের সূত্রে এ তথ্য দিয়েছে সেলেব ডটকম।
অঙ্গীকার বাস্তবায়নে দম্পতি চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ গড়েছেন। প্রতিষ্ঠানটি সীমিত পরিসরে কোম্পানির মতো চলে। ফলে দাতব্য কাজের পাশাপাশি ব্যবসা ও নীতিনির্ধারণী উদ্যোগেও অর্থায়ন করতে পারে তারা। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চিকিৎসা গবেষণা ও রোগ নিরাময়ে বেশি জোর দিচ্ছে সংস্থাটি।
তবে এর অর্থ এই নয় যে জাকারবার্গ নিয়ন্ত্রণ ছাড়ছেন। মেটায় এখনো তার প্রায় ১৩ শতাংশ শেয়ার আছে। এতে কোম্পানিতে তার সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার বজায় রয়েছে। এ ছাড়া তার বিপুল আবাসন সম্পদও আছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন