বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম

নাগরিকের তথ্য দেশের ভেতরে রাখতে সরকার কালিয়াকৈরে জাতীয় এআই অবকাঠামো গড়তে চায়। বরিশালসহ আট বিভাগে থাকবে আঞ্চলিক কেন্দ্র।
পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ডেটা সেন্টারকে ঘিরে গড়ে উঠবে মূল অবকাঠামো। কেন্দ্রটি এখন বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড পরিচালনা করছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে সেখানে ১০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ হয়েছে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “সার্বভৌম এআইয়ের মূল কথা হলো, দেশের নাগরিকদের তথ্য, ডেটা ও নাগরিক সেবার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।” তিনি জানান, কাঠামো তৈরি হলে এর কম্পিউটিং সক্ষমতা বেসরকারি খাত ও স্টার্টআপের জন্য খুলে দেওয়া হবে।
সরকার Gemma, Llama ও Qwen-এর মতো বিদ্যমান মডেলকে বাংলার উপযোগী করতে চায়। এ জন্য বাংলা লেখা ও তথ্য দিয়ে মডেলগুলোকে ফাইন টিউনিং করা হবে।
উদ্যোগের প্রথম ১২ মাসে প্রস্তুতি, কর্মী প্রশিক্ষণ ও কারিগরি সমীক্ষা হবে। পরের ধাপে, অর্থাৎ ১২ থেকে ২৪ মাসের মধ্যে, আঞ্চলিক কেন্দ্র চালু ও প্রথম মডেলের প্রশিক্ষণ শুরুর লক্ষ্য রয়েছে।
যন্ত্রপাতির কিছু অংশ দেশে সংযোজনের জন্য টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) কারখানা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। তবে উচ্চক্ষমতার প্রসেসর ও মেমরি বিদেশ থেকে আনতে হবে। এ বিষয়ে বিশ্বের শীর্ষ চার প্রযুক্তি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।
টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ বলেন, শুধু অবকাঠামো যথেষ্ট নয়। নিরাপত্তা, নাগরিকের অধিকার ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি এম মইনুল হোসেনের মতে, দেশীয় সেবা ব্যবহারকারীর প্রয়োজন মেটাচ্ছে কি না, তাও দেখা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন