বরিশাল নিউজ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

ব্যবসায়ীদের মারধরের বিচার এবং চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন বরিশালের বৃহত্তর বহুমুখী সিটি পাইকারী কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
পুলিশ এবং ব্যবসায়ীদের মধ্যে মঙ্গলবার,২২ সেপ্টেম্বর দুপুরে দীর্ঘ বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন,ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় মামুনকে প্রধান করে তার দুই ছেলেসহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি বাবুল আকনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় তার সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, ব্যবসায়ীদের সঙ্গে তারা বৈঠক করেছেন। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধসহ আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তায় এরই মধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীর ওপর হামলাকারী ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন বেপারী ওরফে ‘রইয়া মামুন’, তার দুই ছেলেসহ মামলার সকল আসামিদের গ্রেপ্তার, বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত থেকেই কাঁচাবাজারে নিয়মিত ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাবেন তারা।
এর আগে, ব্যবসায়ীদের কাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি এবং আড়তদারের ওপর হামলার প্রতিবাদে সোমবার দিবাগত রাত থেকে ধর্মঘট শুরু করেন নগরীর ভাটারখাল এলাকার বহুমুখী সিটি পাইকারী কাঁচাবাজারের ৭৪ জন আড়তদার।
বহুমুখি সিটি পাইকারী কাঁচা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন, ভুক্তভোগী শাহ আলমসহ অন্য আড়তদাররা বলেন,২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন