Advertise top
পটুয়াখালী

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম    

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু
সংঘর্ষের পর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। ছবি: বরিশাল নিউজ, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। 

 

বসাক বাজার-সংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় শনিবার, ১৯ সেপ্টেম্বর রাত পৌনে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র বরিশাল নিউজ ডটকমকে জানিয়েছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাস ও অটোরিকশা দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

 

নিহতদের পরিচয়

পুলিশ নিহত চারজনের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন:

 

কাইউম প্যাদা (৫০): গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে

শিল্পী রানী (৪০): গলাচিপা উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে

জাহাঙ্গীর হাওলাদার (৩৫): গলাচিপা উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে

তিথী (২৩): বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে

 

মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

উদ্ধার অভিযান

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ শুরু করেন এবং ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

 

স্থানীয়দের দাবি, নিহত চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁরা আরও জানান, বাসটি পানিতে পড়ে গিয়েছিল এবং তাতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। তবে বাসের যাত্রীদের মধ্যে বড় ধরনের হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

 

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করছে। বাসের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, কিংবা পানিতে আর কোনো মরদেহ আছে কি না, তা নিশ্চিত হতেই অভিযান চলছে।

 

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বরিশাল নিউজ ডটকমকে জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে আর কেউ নিহত হয়েছেন কি না, তা বলা যাবে। তিনি আরও জানান, পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুলিশের রেকার ও ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি উদ্ধারের কাজ চলছে।

 

যাত্রীদের ভাষ্য

বাসের যাত্রী সালমান বলেন, "বাসটি শুরু থেকেই খুব রাফ চালাচ্ছিল।" দুর্ঘটনা কীভাবে ঘটল, তা তিনি বুঝে উঠতে পারেননি বলে জানান।

 

আরেক যাত্রী আবির ইসলাম বরিশাল নিউজ ডটকমকে জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় তাবলিগ জামাতে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি বলেন, "আমরা ভিতরে বসে ভাবছিলাম এই মনে হয় জীবনের শেষ।" নাতিকে কোলে নিয়ে তিনি বাস থেকে অনেক দূরে ছিটকে পড়েন। পরে চিৎকার করে জানান, দুজনই বেঁচে আছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal