Advertise top
রাজনীতি

টাকা চাওয়ার অডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ০১:০৭ পিএম    

টাকা চাওয়ার অডিও ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ
বিএনপি লোগো।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক মাধ্যমে বিকাশ নাম্বরে টাকা চাওয়ার অভিযোগে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

 

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন স্বাক্ষরিত শনিবারের চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে তাকে।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও ক্লিপে ওই বিএনপি নেতাকে এক কর্মীর কাছে টাকা চাইতে শোনা যায়। কথোপকথনে ওই কর্মীর উদ্দেশে বলেন, ‘শুনছ, কই আছ? বিকাশে কয়ডা টাকা দিও।’ প্রতি উত্তরে কর্মী জানতে চান, এটি তার বিকাশ নম্বর কিনা। নম্বর নিশ্চিত করে নেতা বলেন, ‘পরে তাকে বলে দিও কিন্তু।’ ওই কর্মী পরদিন টাকা দেওয়ার আশ্বাস দেন। অডিওটি ভাইরাল হওয়ার পর জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়।

 

দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমে অডিওটি ভাইরাল হওয়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করার উপক্রম করেছে। এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না– তা চিঠির তথ্য-উপাত্তসহ জেলা বিএনপির কাছে ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন বলেন, আপেল মাহমুদ ফিরোজ আগে ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব।

 

অভিযোগটি রাজনৈতিক চক্রান্ত বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন, ‘অডিওর লোকটি আমার ছোট ভাই ও দলীয় কর্মী। তার সঙ্গে স্রেফ মজা করছিলাম। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায় তিন বছর আগের একটি পুরোনো অডিও বের করে কাসুন্দি ঘাঁটছে। আমি দলের প্রতি অনুগত এবং দলীয় আদর্শের বাইরে নই। নির্দিষ্ট সময়ের মধ্যেই নোটিশের যথাযথ জবাব দেব।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal