বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ আগষ্ট ২০২৬, ০২:৩০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তির দিন ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
ছাত্রশিবিরের র্যালিতে বহিরাগত থাকার অভিযোগ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে তা সংঘর্ষে রুপ নেয়।
বুধবার, ৫ আগস্ট সকালে উপাচার্য-প্রক্টরের সামনেই এই ঘটনা ঘটে। পরে উপাচার্য ও প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাইয়ের কর্মসূচিতে বাধা দিচ্ছেন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু আমাদের শান্ত কর্মসূচি পণ্ড করতে সন্ত্রাসীর মতো ছাত্রদল বাধা দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ‘জুলাইয়ের কর্মসূচিতে শিবির বহিরাগতদের নিয়ে শোডাউন দিচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে শিবিরই প্রথম আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না। আমি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি বেলাল হোসেন বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে আমরা এখানে এসেছি। ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান করেছি।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন