বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বুধবার সেই সমাবেশেস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ’দক্ষিণাঞ্চলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণমানুষের দীর্ঘদিনের দাবি আদায় এবং জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোকে জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতেই এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘‘দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার বিষয়গুলো জনগণের প্রত্যাশা ও দাবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।’

বিভাগীয় সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বলছেন দলের নেতারা।
অ্যাডভোকেট হেলাল বলেন, ‘‘বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, সাংগঠনিক কার্যক্রম এবং প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে।’
এদিকে ১৮ জুলাই বরিশাল বিভাগীয় এই সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ ঐক্যের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন