বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৯ এএম

দেশজুড়ে টানা অতি ভারী বর্ষণে এখন পর্যন্ত ৪৩টি জেলার কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার, ১৩ জুলাই পর্যন্ত এসব এলাকায় মোট এক লাখ ১৪ হাজার ৭২৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৬ জেলার জমির পরিমাণ ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে ৫ লাখের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আউশ ধান, আমনের বীজতলা, গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য।
মোট ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ৭৯ হাজার ৫০০ হেক্টর আউশ ধানের ক্ষেত, ১০ হাজার ৫০৪ হেক্টর আমনের বীজতলা এবং ১৭ হাজার ৮০০ হেক্টর গ্রীষ্মকালীন সবজির জমি রয়েছে।
তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৬টি জেলা হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, নওগাঁ, যশোর, মেহেরপুর, বাগেরহাট, বরগুনা, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী। এসব জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সারাদেশে আক্রান্ত মোট ফসলি জমির ৯০ শতাংশেরও বেশি। একই সঙ্গে এসব জেলায় ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৬ জন।
বন্যায় কৃষি খাতের ক্ষয়ক্ষতি নিয়ে কৃষি মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন