বরিশাল নিউজ
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:১৬ পিএম

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় পুলিশি অভিযানের সময় পালাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে। আজ রবিবার, ২১ জুন নগরীর পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেননের দুই সন্তানের মধ্যে বড় ছেলে সায়েল এসএসসি পরীক্ষার্থী ও ছোট ছেলে সায়াত ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতের বাবা প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, “কোতোয়ালী মডেল থানার একটি রাজনৈতিক মামলার আসামি রাশেদ খান মেনন। তাই তার বিষয়ে খোঁজ নিতে পুলিশের একটি দল বাসায় গিয়েছিল। কিন্তু তাকে না পেয়ে চলে এসেছে। এরপর কী হয়েছে তা আমরা জানি না।”
কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “রাশেদ খানের হার্টে দুটি রিং বসানো ছিল। রাস্তায় পড়ে গিয়ে তিনি মারা গিয়েছেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দিয়ে দেওয়া হয়েছে।”
স্বজনরা জানিয়েছে, মেননকে গ্রেপ্তার করতে আজ বেলা ৩টার দিকে খান বাড়িতে কাউনিয়া থানার ৯-১০ জন পুলিশ যান। তখন মেনন বাসাতে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাসার পেছনের দেয়াল টপকে পালাবার চেষ্টা করেন। দেয়াল টপকে অপরপ্রান্তে একটি ড্রেনের স্লাবের ওপর পড়ার পর অসুস্থ হয়ে যান। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে খান বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মেননের স্বজন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেপ্তার করেছে। রাতে তিনি বাসায় না থাকায় গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন