বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৩০ পিএম

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রবিবার, ১৪ জুন সন্ধ্যায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ উঠে। পরবর্তী সময়ে ভারতের উচ্চ মহলের হস্তক্ষেপে তাঁকে প্রবেশের ছাড়পত্র দেওয়া হলেও, রাষ্ট্রীয় মর্যাদা ও আত্মসম্মান ক্ষুণ্ন হওয়ার কারণ দেখিয়ে তিনি ভারতে প্রবেশ না করে ফিরতি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, সোমবার , ১৫ জুন থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের’ (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের।
উপদেষ্টা জাহেদ উর রহমান রাষ্ট্রীয় পদমর্যাদার কারণে কূটনৈতিক পাসপোর্ট (ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট) পাওয়ার যোগ্য হলেও, এই সফরে তিনি তাঁর সাধারণ পাসপোর্ট ব্যবহার করছিলেন বলে জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ সূত্র। এ নিয়ে জটিলতা সৃষ্টি হয় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন