বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

সাবস্ক্রিপশন বিক্রি বাড়াতে ফেসবুকে লিংক দেওয়ার সুযোগ সীমিত করছে মেটা। সরকারি ও অলাভজনক পেজও এর আওতায় পড়েছে।
Engadget-এর প্রতিবেদন অনুযায়ী, মেটা ফেসবুকে লিংক দেওয়ার সীমা নিয়ে একটি পরীক্ষা চালাচ্ছে। এতে একটি পেজ মাসে মাত্র দুটি পোস্টে লিংক দিতে পারছে। এর বেশি দিতে হলে নিতে হচ্ছে Meta One সাবস্ক্রিপশন।
ফেসবুকে মাসে আটটি লিংকের জন্য খরচ ৪৯.৯৯ ডলার, ২০টির জন্য ১৪৯.৯৯ ডলার। সীমাহীন লিংকের প্ল্যানের দাম মাসে ৪৯৯.৯৯ ডলার।
মেটার দাবি, এই পরীক্ষা সরকারি ও অলাভজনক পেজের ওপর পড়ার কথা নয়। বাস্তবে তা পড়েছে। টেক্সাসের গ্রিনভিল সিটির যোগাযোগ ব্যবস্থাপক ড্যানিয়েল স্টার্কস জানান, শহরের লাইব্রেরি পেজ সীমায় পৌঁছে গেছে। তিনি বলেন, “আমাদের কাজের অর্ধেকের বেশি হলো ওয়েবসাইটের তথ্যে লিংক দেওয়া।” এখন কর্মীরা লিংক দিচ্ছেন মন্তব্যের ঘরে।
ইন্ডিয়ানাপোলিসে পোষা প্রাণীর খাদ্যভান্ডার চালানো সংস্থা ইস্ট সাইড পাউজেক্টের সহ-সভাপতি বেথানি ইংলিশও একই সমস্যায় পড়েছেন। তাকে বলা হয়, মাসে ২০ লিংকের প্ল্যানের দাম ১৫০ ডলার। ছোট সংস্থা হিসেবে এ খরচ বহন করা কঠিন বলে জানান তিনি।
মেটার এক মুখপাত্র সীমা আরোপের কারণ ব্যাখ্যা করেননি। তিনি বলেন, লিংক শেয়ার Meta One-এর অংশ হওয়া উচিত কি না, তা পরীক্ষা করা হচ্ছে। পরে মেটা জানায়, পেজের ক্যাটাগরিতে “nonprofit” লেখা থাকলেই সিস্টেম তাকে অলাভজনক হিসেবে শনাক্ত করে।
ক্যালিফোর্নিয়া ফ্রিথট ডে-র সীমা এ সপ্তাহে তুলে নেওয়া হয়েছে। তবে তা হয়েছে তাদের তহবিল সংগ্রহের অনুষ্ঠান শেষ হওয়ার পর। বাংলাদেশের পেজে এই সীমা প্রযোজ্য কি না, প্রতিবেদনে তা বলা হয়নি।
সূত্র: এনগেজেট
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন