Advertise top
শিক্ষা

এসএসসি ফেল; ৩ মাসেই পুনঃপরীক্ষা বিবেচনায়

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম    

এসএসসি ফেল; ৩ মাসেই পুনঃপরীক্ষা বিবেচনায়
মাধ্যমিক পরীক্ষার্থী। ফাইল ছবি

এসএসসিতে অকৃতকার্য বিষয়ে এক বছরের বদলে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে সরকার।

 

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বিষয়টি জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার, ১০ অক্টোবর ‘চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬’ হয়। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা জানান, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদী।

 

এবার এসএসসিতে প্রায় ছয় লাখ ৯০ হাজার শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি। তাঁদের জন্য শিক্ষামন্ত্রী এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা করে স্থায়ী কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। উপদেষ্টার তথ্য অনুযায়ী, এতে থাকছে:

 

ভাষা প্রশিক্ষণ: জাপানি, কোরিয়ান, চীনা ও ইউরোপীয় ভাষায় তিন থেকে ছয় মাসের কোর্স। লক্ষ্য আন্তর্জাতিক বাজারে সরাসরি কর্মসংস্থান।

কারিগরি প্রশিক্ষণ: আগ্রহীদের নিজ এলাকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) যুক্ত করা।

ব্যবসায়িক তহবিল: ভালো উদ্ভাবনী ধারণা থাকলে ছোট পরিসরে প্রাথমিক তহবিল।

 

পূর্ণাঙ্গ খাতা পুনঃনিরীক্ষণ ইতিমধ্যে চালু হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, শুধু মেধার ঘাটতিতে ফল খারাপ হয় না। আর্থিক অসচ্ছলতা, শিক্ষক বা শ্রেণিকক্ষের সংকট কিংবা পারিবারিক সমস্যাও কারণ হতে পারে। সার্টিফিকেট দিয়ে জীবন বিচার করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানটির আয়োজক গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal