Advertise top
গণমাধ্যম

পুলক চ্যাটার্জীর স্মরণসভা; সাংবাদিক নেতাদের উপর ক্ষোভ

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম       

পুলক চ্যাটার্জীর স্মরণসভা;সাংবাদিক নেতাদের উপর ক্ষোভ
প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জী স্মরণে বরিশাল প্রেসক্লাবে স্মরণসভা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরো চিফ প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে  শনিবার, ১৯ সেপ্টেম্বর বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।  স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

স্মরণসভায় উপস্থিত অতিথিরা এবং সহকর্মীরা সাংবাদিকতায় প্রয়াত পুলক চ্যাটার্জীর  অবদান, পেশাগত নিষ্ঠা ও প্রগতিশীল ভাবধারার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

পুলক চ্যাটার্জীর খুব ঘনিষ্ঠ সহকর্মীদের কাছে তাঁর চাকুরি হারানোর পর মানসিক যন্ত্রণার কথা জানতে পেরে সাংবাদিকরা শোকের পাশাপাশি ক্ষুব্ধ হন। পুলকের  চাকুরিচ্যুতি এবং পাওনা পরিশোধ না করায় দৈনিক সমকাল পত্রিকা কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করা হয়।পাশাপাশি সাংবাদিকদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা।

 

সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার সাংবাদিকদের ইঙ্গিত করে বলেন, “আমাদের (রাজনীতিবিদদের) নিয়ে তো কম লেখেন না।কিন্তু সাংবাদিকদের দূরাবস্তার কথাতো বলেন না, লেখেন না,মানববন্ধনও দেখি না।” তিনি পুলকের চাকুরিচ্যুতি এবং বকেয়া প্রদান না করার ঘটনায় কেন সাংবাদিকরা মানববন্ধন করেননি, কেন প্রতিবাদ হয়নি তাও জানতে চান। সংসদ সদস্য বলেন, “আপনারা এই ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন, আমিও আপনাদের পাশে থাকবো। “

 

সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, পুলক মৃত্যুবরণ করেননি। তিনি এই অন্যায় সইতে না পেরে প্রতিবাদস্বরুপ স্বেচ্ছায় জীবন দিয়েছেন।”

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও মেহেরুনন্নেছা বেগম,ইনকিলাবের নাসিমুল আলম, পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,বিএনপি মহানগর নেতা জিয়াউদ্দিন সিদার, বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন, প্রয়াত পুলকের স্ত্রী প্রিয়াংকা,মেয়ে প্রকৃতি, ভাই দীপক চ্যাটার্জি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এম জাকির হোসেন।

 

সভার শুরুতে প্রয়াত পুলক চ্যাটার্জীর আত্মার শান্তি কামনা করে এক নীরবতা পালন করা হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal