Advertise top
ভোলা

বঙ্গোপসাগরে ভোলার ট্রলারডুবি, একজন জেলে নিখোঁজ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৬, ০৮:৪৬ পিএম    

বঙ্গোপসাগরে ভোলার ট্রলারডুবি, একজন জেলে নিখোঁজ
ট্রলারডুবি।-প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের ১৬ জেলেবাহী একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আশপাশে থাকা অন্য জেলেদের সহায়তায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারের ইঞ্জিনচালক মো. নিরবের (৫০) কোনো খোঁজ মেলেনি।

 

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ জেলের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের নতুন স্লুইসগেট এলাকা থেকে ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে বের হয় ১৯ আগস্ট। ট্রলারের মালিক ইউসুফ মাল, আর এতে ছিলেন ১৬ জন জেলে।

 

বৈরী আবহাওয়ার কারণে তিন দিন মাছ ধরার পর সাগর উত্তাল হয়ে ওঠে। তীরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায় রবিবার, ২৩ আগস্ট সন্ধ্যায়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

 

সাগরে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের দেখতে পেয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ট্রলার মালিক ইউসুফ মাল, মাঝি মো. নুরনবী এবং জেলে ইয়াছিন ও মাসুদ। তবে ট্রলারের ইঞ্জিনচালক নিরবের এখনো কোনো সন্ধান মেলেনি। ডুবে যাওয়া ট্রলার ও মাছ ধরার জালও উদ্ধার করা যায়নি।

 

নিখোঁজ নিরবের ভাই আব্দুর রহমান বরিশাল নিউজকে বলেন, “সাগরে ট্রলারডুবিতে আমার ছোট ভাই নিখোঁজ রয়েছে। ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাইনি। আমাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কোস্ট গার্ডের কাছে আমার নিখোঁজ ভাইয়ের সন্ধানে উদ্ধার অভিযান চালানোর দাবি জানাই।”

 

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় চরফ্যাশনের মো. নিরব নামে একজন নিখোঁজ রয়েছেন। বাকিরা উদ্ধার হয়েছেন। আমরা বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেছি।”


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal