Advertise top
আদালত-অপরাধ

সালমান এফ রহমান জামিন পেয়েছেন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৬, ০৫:১৪ পিএম    

সালমান এফ রহমান জামিন পেয়েছেন
সালফান এফ রহমান।-ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জামিন পেয়েছেন। বিআইএফএফএলের সাবেক সিইওকে মারধর, হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মামলায় আদালত এই আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত সোমবার, ২৪ আগষ্ট শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

 

মামলার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম। অধিকাংশ ধারা জামিনযোগ্য হওয়ায় আদালত জামিন দিয়েছেন বলে জানান তিনি।

 

বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলাম ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এই মামলা করেন। এজাহার অনুযায়ী, সালমান এফ রহমানের 'তিস্তা সোলার' প্রকল্পের জন্য প্রায় ১,৪০০ কোটি টাকা ঋণ দেওয়ার অনৈতিক চাপ ছিল। বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জামানত ছাড়া শতকোটি টাকা ঋণের প্রস্তাবও দেওয়া হয়। সিইও এসব অনৈতিক প্রস্তাবে রাজি হননি।

 

প্রতিবাদে ২০১৯ সালের ২৮ জুলাই পর্ষদ সভায় সিইওকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে সই নেওয়া হয়।

 

পিবিআই পরিদর্শক মোহাম্মদ মাসুদ রানা ২০২৫ সালের ৬ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে সালমান এফ রহমান ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ মোট ৬ জনকে অভিযুক্ত করা হয়।

 

অভিযুক্তদের মধ্যে ৫ জনই ইতোমধ্যে জামিন পেয়েছেন। সাবেক সচিব সাজ্জাদুল হাসান নামে অপর এক আসামি এখনো পলাতক আছেন।

 

ধারাসমূহ জামিনযোগ্য হওয়ায় আসামিদের জামিন পাওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন মামলার বাদী এস এম ফরমানুল ইসলাম। তবে অভিযুক্তদের আড়াল করা এবং আসামিরা দেশে থাকার পরও ব্যবস্থা না নেওয়া নিয়ে ক্ষোভ জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal