বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ আগষ্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

বরিশালের গৌরনদীতে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার,৩ আগস্ট দুপুরে গ্রেপ্তার হওয়া সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, কাজী আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল।
প্রতিবাদ কর্মসূচিতে গৌরনদী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপরও আঘাত। তারা মামলার এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ আগস্ট বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট গৌরনদী মডেল থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি এবং ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
উল্লেখ্য গত ২ আগস্ট উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এক মোটর মেকানিককে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকার। সেখানে তার উপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন