বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২:১৫ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:১৯ এএম

বরিশাল সফরে আসার সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরে থাকা একটি গাড়িতে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার,১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটে। সেটি গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৃতীয় নম্বর জিপ গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরা এসেছে কি না, নাকি কেউ নিক্ষেপ করেছে সেটি অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি কিংবা মামলাও হয়নি। এটি নিয়ে গভীর তদন্ত চলছে।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এটি ইট নাকি পাথরের টুকরা সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন