বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:০০ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন দেশে বর্তমানে মোট ৫৯টি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, এক হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে । এরমধ্যে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার, ২২ জুন প্রশ্নোত্তর পর্বে পৃথক দুটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওই অধিবেশনে সভাপতিত্ব করেন।
একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে বলেও জানান তিনি।
অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সম্পর্কিত প্রশ্নটি করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান। গণমাধমের সংখা সম্পর্কে প্রশ্ন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
দৈনিক পত্রিকার বিষয়ে মন্ত্রী আরো জানান, সারা দেশ হতে বর্তমানে এক হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা হতে ৫৯৩টি এবং অন্যান্য জেলা হতে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। এ ছাড়া, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা মোট ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ৬১টি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন