বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

বরিশাল আইনজীবী সমিতির (বার) সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিচারক মিরাজুল ইসলাম রাসেল।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। মামলায় এজহারনামীয় ১২ জনসহ অজ্ঞাত আরও আট জনকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এবং বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে গতকাল বিচারকের এজলাসে হামলা চালান বিএনপিপন্থি আইনজীবীরা। পরে তারা আদালত বর্জনের কর্মসূচি দেন।
নামধারী অপর আসামিরা হলেন: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক নাজিমউদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন ও বসিরউদ্দিন সবুজ।
আদালত বর্জনের কর্মসূচি চলাকালে আজ বুধবার দুপুরে তাকে সভাপতির অফিস কক্ষ থেকে গ্রেপ্তার করে আদালত হাজতে রাখে ডিবি পুলিশ। এরপর থেকে চারঘন্টার বেশি সময় ধরে আইনজীবীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে আন্দোলন করেন। সভাপতিকে মুক্তি না দেওয়া পর্যন্ত আদালত বসবে না বলেও ঘোষণা করেন তারা।
পরে বিকালে আদালতে তার জামিনের আবেদন করা হয়। বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাচ্চু বলেছেন, “আইনজীবী সমিতির সভাপতিকে মহানগর হাকিমের দ্রুত বিচার আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারক জামিন আবেদনের শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন।”
আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ডিবি সদস্যরা অবস্থান নেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন